Author: testing

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

  • রাজশাহীতে জাল সার্টিফিকেট চক্রের ২ সদস্য গ্রেফতার

    রাজশাহীতে জাল সার্টিফিকেট চক্রের ২ সদস্য গ্রেফতার

    রাজশাহীর বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরি ও সরবরাহকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, রাজশাহীর একটি দল। এসময় অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১) নামে দুইজনকে আটক করা হয়।

    র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক সহযোগী আব্দুল বাছিত রিয়ানের সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনে অর্ডার নিয়ে জাল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করে সরবরাহ করছিল। অভিযানে তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

    এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সংসদের কার্যক্রম দেখতে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার

    সংসদের কার্যক্রম দেখতে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার

    অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন স্পিকার মিল্টন ডিক। সফরকালে জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারা।

    মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্র ‍প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সদস্যরা। তারা জাতীয় সংসদ ভবন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। পাশাপাশি সংসদ অধিবেশনের কার্যক্রম দেখবেন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সরকার গঠনের পর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

    পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা করেছেন হাই কমিশনার।

    কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলাপ করেছেন তিনি।

    প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন।

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি

    ইরানি ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির পর টানটান উত্তেজনার মধ্যে অবশেষে হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন।

    নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিমুখী যুদ্ধবিরতি!

    তবে তিনি এক শর্ত জুড়ে দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে দেয়, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

    তিনি আরও বলেন, আমরা ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছি এবং আমরা মনে করি এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি।

    ট্রাম্পের মতে, চুক্তির পথে বড় বাধাগুলো প্রায় কেটে গেছে। তিনি বলেন, অতীতের বিরোধপূর্ণ বিষয়গুলোর প্রায় সবকটিতেই যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে। এই দুই সপ্তাহের সময়কাল চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে এবং সম্পন্ন করতে সহায়তা করবে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে ট্রাম্প এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছানো আমার জন্য সম্মানের। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!

    সূত্র: আল জাজিরা

  • ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

    ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

    মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। গত রবিবার সিডনির মারুব্রা এলাকায় নিয়মিত তল্লাশির সময় ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে আটক করা হয়। ওয়ার্নারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

    পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, ব্রেথ টেস্ট সাইটের ঠিক কিছুটা আগে আকস্মিকভাবে একটি গাড়ি থেমে যায় এবং পার্ক করার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ট্রাফিক পুলিশ কর্মকর্তারা গাড়িটির কাছে যান এবং চালককে পরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষায় পজিটিভ আসার পর তাকে মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

    সেখানে দ্বিতীয়বার পরীক্ষায় ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা নিউ সাউথ ওয়েলসের নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি।

    ওয়ার্নারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ মে তাকে আদালতে হাজিরা দিতে হবে। নিউ সাউথ ওয়েলসের আইন অনুযায়ী, ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার অ্যালকোহল রক্তে থাকলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়, যার শাস্তি হিসেবে বড় অংকের জরিমানা এমনকি জেলও হতে পারে।

    ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংসের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি করাচি কিংস ম্যানেজমেন্ট।

  • হামে ১১ শিশুর মৃত্যু

    হামে ১১ শিশুর মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যে ১১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে একজনের। বাকিদের হামের উপসর্গ ছিল।

    আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৮ জন। আরও ৬ হাজার ৮৮৩ শিশুর হামের উপসর্গ রয়েছে।

    সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর পরের স্থানে আছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮৬ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও ৪৯৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • ৪৭তম বিসিএসে উত্তীর্ণ ৩ হাজার ৬৩১ জন

    ৪৭তম বিসিএসে উত্তীর্ণ ৩ হাজার ৬৩১ জন

    ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন। আজ (মঙ্গলবার) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে ২০২৪ সালের ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে এই সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল সাময়িকভাবে প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।

  • রাজস্ব দরকার ৬ লাখ কোটি টাকা, আসতে পারে কঠোরতা

    রাজস্ব দরকার ৬ লাখ কোটি টাকা, আসতে পারে কঠোরতা

    আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, সামনে নানা খাতের কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়া হবে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

    এনবিআর চেয়ারম্যান বলেন, গতবার থেকে ৫০ শতাংশ আয় বাড়াতে বলা হয়েছে। ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই।

    তিনি বলেন, পাবলিক ট্রান্সপোর্টে সর্বোচ্চ ছাড় দেবে সরকার। টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ফাঁকির কারণে নানাক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয় নাই। অন্যায় করা হচ্ছে। আরও কিছুদিন এমন করা হবে। যতোদিন সার্বিক কর্মকাণ্ড অনলাইন না হবে।

    আলোচনায় যুক্ত হয়েছিলেন বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ); বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে (প্যাসেঞ্জার ক্যারিয়ার) অ্যাসোসিয়েশন (বিআইডব্লিউপিসিএ); বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (বিএমএএমএ); বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ); এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি); বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ); বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশন (বিপিডিডিএএ); বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা); লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ) এর নেতারা।

  • জীবন দিতে চায় দেড় কোটি ইরানি

    জীবন দিতে চায় দেড় কোটি ইরানি

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি নিজে এবং ১ কোটি ৪০ লাখ ইরানি নাগরিক দেশ রক্ষায় ‘জীবন উৎসর্গ’ করার জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই মন্তব্য করেছেন তিনি।

    এক্সে দেওয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, ‌‌‘‘১৪ কোটিরও বেশি সাহসী ইরানি এখন পর্যন্ত দেশের প্রতিরক্ষায় জীবন উৎসর্গ করে দেওয়ার প্রস্তুতি ঘোষণা দিয়েছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আমি আছি এবং ভবিষ্যতেও তা থাকবো।’’

    গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে উচ্চপর্যায়ের বেশ কিছু হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী। এর মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সেক্রেটারি আলী লারিজানিও রয়েছেন।

    এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি-আমেরিকান যুদ্ধে ইরানে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

    এদিকে, এই যুদ্ধের অবসানের শর্ত হিসেবে বারবার সময়সীমা নির্ধারণ এবং পরে তা পিছিয়ে দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই হুঁশিয়ারি দেন তিনি।

    মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের সাড়া উল্লেখযোগ্য হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, তারা একটি প্রস্তাব দিয়েছে এবং এটি উল্লেখযোগ্য প্রস্তাব। এটি বড় পদক্ষেপ হলেও যথেষ্ট ভালো নয়।

    ট্রাম্প বলেছেন, ‘‘তারা যদি যা করার কথা তা করে, তাহলে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। তারা সেটি জানে এবং আমি মনে করি, তারা সদিচ্ছা নিয়েই আলোচনা করছে।’’

    সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা।

  • ইরানের পাল্টা হুমকি

    ইরানের পাল্টা হুমকি

    ওয়াশিংটন যদি তেহরানের ‘রেড লাইন’ অতিক্রম করে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে সংঘাত ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই সতর্কবার্তা দিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের রেড লাইন অতিক্রম করা হলে ওই অঞ্চলে বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি।

    শুধু তাই নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল-গ্যাস থেকে বঞ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, ‌‌‘‘বিপ্লবী গার্ড বাহিনী আবারও ঘোষণা করছে, আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে আমাদের পাল্টা জবাব এই অঞ্চলের সীমানার বাইরে হবে।’’

    আইআরজিসি বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে; যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়।

    বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম। কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে।

    সূত্র: এএফপি।